Home

Shop

Cart

checkout

ইস্তাম্বুলে রিসালায়ে নূরের আরবি অনুবাদক ড. ইহসান কাসিম সালেহির সঙ্গে মুফতি রেজাউল করিম আবরারের সৌজন্য সাক্ষাৎ।

পোস্টটি শেয়ার করুন

মুফতি রেজাউল করিম আবরার সাহেবের অরজিনাল ফেজবুক পোস্ট।

বিশিষ্ট ইসলামী আলোচক, গবেষক ও চিন্তাবিদ মুফতি রেজাউল করিম আবরার সাহেব গত ১০ আগস্ট ২০২৬ তারিখে রিসালায়ে নূর-এর আরবি অনুবাদক ড. ইহসান কাসিম সালেহির বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক খোঁজখবর নেন এবং রিসালায়ে নূর, বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.)-এর দাওয়াতি ও চিন্তাধারামূলক অবদান এবং বর্তমান সময়ে এই মহান রচনাবলির প্রয়োজনীয়তা নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেন।

উল্লেখ্য, বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.) এমন এক কঠিন সময়ে ইসলামের ঈমানি শিক্ষা ও কুরআনের চিন্তাধারাকে মানুষের সামনে তুলে ধরেছিলেন, যখন তুরস্কে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন চলছিল। তাঁর রচিত রিসালায়ে নূর পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে ঈমান, কুরআন ও ইসলামী চিন্তা নিয়ে কাজ করা মানুষদের জন্য গুরুত্বপূর্ণ একটি গ্রন্থসম্ভার হিসেবে পরিচিতি লাভ করে।

ড. ইহসান ক্বাসিম সালেহি রিসালায়ে নূর-এর রিসালাগুলো আরবি ভাষায় অনুবাদ করে আরব বিশ্বের পাঠক, আলেম ও তালিবুল ইলমদের জন্য সাঈদ নুরসি (রহ.)-এর চিন্তা ও রচনাবলি অধ্যয়নের পথ আরও সহজ করে দিয়েছেন। তাঁর এই দীর্ঘদিনের অনুবাদ ও গবেষণামূলক খেদমত নিঃসন্দেহে প্রশংসনীয়।

সাক্ষাৎকালে বাংলা ভাষাতেও রিসালায়ে নূর অনূদিত ও প্রকাশিত হয়েছে—এ কথা জানতে পেরে অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। বাংলা ভাষাভাষী মানুষের কাছে সাঈদ নুরসি (রহ.)-এর রচনাবলি পৌঁছে দেওয়ার এই উদ্যোগের কথা শুনে তিনি আগ্রহের সঙ্গে বিষয়টি সম্পর্কে জানতে চান।

এ সময় মুফতি রেজাউল করিম আবরার সাহেবও বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.)-এর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে ঈমানের মৌলিক বিষয়গুলোকে কুরআন, যুক্তি ও প্রজ্ঞার আলোকে ব্যাখ্যা করার ক্ষেত্রে তাঁর অনন্য ভূমিকার কথা উঠে আসে।

বর্তমানে শুধু তুরস্কেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে রিসালায়ে নূর নিয়ে পাঠ, গবেষণা, অনুবাদ ও দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন ভাষায় এই রচনাবলি ছড়িয়ে পড়ার ফলে বিশ্বের নানা প্রান্তের মানুষ সাঈদ নুরসি (রহ.)-এর চিন্তা ও কুরআনভিত্তিক ঈমানি বার্তা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

আমরা বিশ্বাস করি, রিসালায়ে নূর-এর বাংলা অনুবাদ ও প্রকাশনার মাধ্যমে বাংলাদেশের বাংলা ভাষাভাষী পাঠকরাও এই মূল্যবান রচনাবলি অধ্যয়ন ও উপকৃত হওয়ার আরও বিস্তৃত সুযোগ পাবেন।

আল্লাহ তাআলা বদিউজ্জামান সাঈদ নুরসি (রহ.)-এর খেদমত কবুল করুন, ড. ইহসান ক্বাসিম সালেহির অনুবাদ ও গবেষণামূলক প্রচেষ্টাকে উত্তম বিনিময় দান করুন এবং বাংলা ভাষায় রিসালায়ে নূর প্রচার ও প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা কবুল করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *